দেশে টানা ২ দিন করোনায় কেউ মারা যায় নি

আজ আক্রান্ত ১৮২ জন, গতকাল ছিল ২১৭ জন। আক্রান্তের হার আজ ১.৩৮ শতাংশ, গতকাল ছিল ১.৫৪ শতাংশ ।

চলতি বছরে করোনায় প্রথম মৃত্যুহীন দিন ছিল গতকাল মঙ্গলবার। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা দুই দিন মৃত্যুহীন হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮২ জনের। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ২১৭।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। এর আগে গত বছরের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছিল ২০২০ সালের ১৮ মার্চ। আর প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৮ মার্চ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।

করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments