দলীয় সূত্র জানায়, দলের সাবেক দুই মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও মসিউর রহমান, ঢাকার সাংসদ সৈয়দ আবু হোসেন, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান ও শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব হতে আগ্রহী। কিন্তু কেউ সরাসরি নিজের আগ্রহের কথা না বলে নানাভাবে চেষ্টা-তৎপরতা চালাচ্ছেন।
অবশ্য জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব পদটি দলে একটি প্রশাসনিক পদ। গঠনতন্ত্র অনুযায়ী, মহাসচিবের পদ দলের চিফ প্যাট্রন ও কো-চেয়ারম্যান পদের নিচে। আমি বুঝতে পারছি না, কো-চেয়ারম্যানরা এই পদের জন্য এত লালায়িত কেন?’
জানা গেছে, জাপার শীর্ষ নেতৃত্ব বিভিন্ন দিক বিবেচনা করে গাইবান্ধা-১ আসনের তরুণ সাংসদ শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করতে আগ্রহী। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান। সংসদে আইন প্রণয়নকাজে তাঁর অংশগ্রহণ ও আলোচনা দৃষ্টি কেড়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে তাঁকে মহাসচিব করার চিন্তা করা হয়।
