আমি গাঁইগুঁই করছিলাম, যাতে না যেতে হয়। কারণ, এ দেশে কোভিড রোগীকে বাসায় রেখেই চিকিৎসা করানো হয়। প্যারাসিটামল ছাড়া আর কোনো চিকিৎসাপত্র দেওয়া হয় না। মনে হচ্ছিল তাহলে আর লম্বা লাইনে দাঁড়িয়ে টেস্ট করিয়ে কি করব? এমনিও আইসোলেশনে থাকতে হবে, ওমনিও থাকতে হবে। কিন্তু না, কোভিড নার্স এটি মানবে না। আমাকে যেতেই হবে।
আমি পা বাড়ালাম অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে। হয় জিতব, নয়তো মরব।
আমি তৈরি হলাম কোভিড টেস্ট দিতে যাওয়ার জন্য। গাড়ি ছুটছে বরফে ঢাকা রাস্তায়। বাইরের রোদেরা বরফে আছড়ে পড়ছে বাঁধভাঙা প্লাবনের মতো। চকচক করছে চারদিক। কিন্তু দুপুরের কটকটা রোদও বিহ্বল। অদৃশ্য কালো আঁধারে ছেয়ে গেছে পৃথিবী, যা মানুষ নিজের হাত ধরে বয়ে এনেছে অভিশাপের মতো। এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ পৃথিবীর কাছে, এই প্রকৃতির কাছে করজোড়ে ক্ষমা চাওয়া, দোষ স্বীকার করা। পৃথিবীর অহংকারী মানুষেরা আর কি তা চাইবে? চলবে…
